×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব দেশ পেয়েছে রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’

২০২৬ নভেম্বর ২২ ১৬:৪৩:৪৮

‘সব দেশ পেয়েছে রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’

নিজস্ব প্রতিবেদক: ‘সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, এখানে যাঁরা প্রকৌশলী আছেন, তাঁরা মন খারাপ করবেন না। আপনারা ভালো প্রকৌশলী, খারাপ কাজের প্রকৌশলী নন। ওই ব্যক্তিরা হলেন সিউডো বা ভুয়া প্রকৌশলী।

শনিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনাদের অনেকেরই কষ্ট আছে। ভোট দিলেন এক জায়গায়, আর পোস্টিং হলো আরেক জায়গায়। ট্রেনে-বাসে-লঞ্চে সব জায়গায় একই আওয়াজ ছিল দাড়িপাল্লা, দাড়িপাল্লা। তাহলে অন্যরা কীভাবে ক্ষমতায় গেল? আপনারা জানেন, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গেছে। সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার।’

জামায়াত আমির বলেন, দেশ ও জাতির সবকিছুই তাঁরা পর্যবেক্ষণ করছেন। তাঁদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো দল বা ব্যক্তি তাঁদের শত্রু নয়। তবে কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই কাজই তাঁদের শত্রু। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁরা নীরব থাকবেন না।

তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় ঐক্য চাইলে কিছু কাজ তাঁকে করতে হবে। তিনি কিছু লোককে হায়ার করেছেন তাঁর চারদিকে। একজন শাসকের মর্যাদা প্রতিষ্ঠিত হয় তাঁর আশপাশের লোকদের দিয়ে।’

বিরোধীদলীয় নেতা প্রশ্ন তুলে বলেন, ‘তিনি কেমন শাসক? এটা প্রমাণ হয় তাঁর সহযোগী এবং সহযোদ্ধাদের দিকে তাকাইলে। আমরা অনুরোধ করব, আপনার দলে এবং আপনার দলকে ভালোবাসে দেশে এবং বিদেশে এমন প্রচুর ভালো এবং যোগ্যতাসম্পন্ন লোক আছেন; মেহেরবানী করে টিমটা তাঁদের দিয়ে সাজান। যদি টিমটা এভাবে বিল্ড-আপ করতে পারেন; দেশকে ভালো কিছু দিতে পারবেন। আর দেশকে যদি ভালো কিছু দেন; তাহলে ১৭ কোটি মানুষের মাঝে আমিও একজন এটার দ্বারা বেনিফিটেড হব।’

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। কিন্তু সংসদে তাঁরাই মাদক নিয়ন্ত্রণ বিল এনেছেন। তাঁরা মাদক নিয়ন্ত্রণ নয়, নির্মূল চান বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, তাঁরাই বিলটি পাস করিয়েছেন। এখন তাঁরাই প্রশ্ন তুলছেন, পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়।

তিনি আরও বলেন, ‘আগে যারা এটার ডিলার ছিল, এখন ওরা চলে গেছে। এখন আমাদের দলের নেতারা এটার ডিলারশিপ নিয়ে নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হচ্ছে এগুলো দেখা। কিন্তু তিনি পারছেন না। তিনি তাঁর বাড়ির রাস্তাটাও ক্লোজ করতে পারেননি। এরকম অনেক যন্ত্রণা নিয়ে আমরা চলছি।’

জামায়াত আমির বলেন, সংসদে যখন তাঁরা দাঁড়িয়ে বিবৃতি দেন বা বক্তব্য দেন, তখন মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়েও অনেক ভালো অবস্থানে আছে। কিন্তু বাস্তবতার সঙ্গে এসব বক্তব্যের কোনো মিল নেই। এতে মানুষ হাসে। কোনো মন্ত্রী বিবৃতি দেওয়ার সময় তাঁর পেছনে থাকা নিজ দলের নেতাকর্মীরাও হাসেন। এমন এক অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চলছে বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমার আবারও কষ্ট লাগে, উনারাও আমাদের মতো মজলুম ছিলেন সাড়ে ১৫ বছর। প্রচুর লোক উনাদের খুন হয়েছে, গুম হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকেই। তাঁরা তো ফিরে আসেননি। আরমান তো ফিরে এসেছে। তাঁরা তো ফিরেই আসেন না। অন্তত নিজের দলের সহকর্মীদের প্রতি সম্মান করবেন। এই জায়গাটায় আপনারা ফিরে আসুন। আল্লাহ আপনাদের মর্যাদা বাড়িয়ে দেবেন, হাতকে শক্তিশালী করে দেবেন।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত