×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন

২০২৬ নভেম্বর ২২ ১০:০৬:৫৯

আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে অনলাইনে আবেদন শুরু হয়েছে আজ রবিবার (২২ নভেম্বর)। সকাল ১০টা থেকে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছুরা। আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটের অধীনে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত ইউনিটে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের যোগ্যতা

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদন করার ক্ষেত্রে ইউনিটভেদে নির্ধারিত জিপিএ ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ই ইউনিট, সি-১ ইউনিট এবং আইবিএ-জেইউর আবেদন ফি ৬০০ টাকা।

আবেদন ফির সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে। সব ইউনিটের আবেদনকারীদের জন্য এই চার্জ প্রযোজ্য।

প্রবেশপত্র ও ভর্তি পরীক্ষার সময়সূচি

আগামী ২৫ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা। সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে পরীক্ষা নেওয়া হবে না।

ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনের নিয়মাবলি

আবেদন করতে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে (admission.juniv.edu) প্রবেশ করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের ন্যূনতম যোগ্যতা যাচাই করতে হবে। এরপর আবেদনকারীকে নিজের অথবা অভিভাবকের মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। ওই নম্বরে পাঠানো পাসওয়ার্ড পরবর্তী সময়ে আবেদন ও ওয়েবসাইট ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।

একটি মোবাইল নম্বর দিয়ে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। তবে একই নম্বর ব্যবহার করে একই ইউনিটে একাধিকবার আবেদন করার সুযোগ নেই।

এরপর আবেদনকারীর নিজস্ব প্রোফাইলে গিয়ে ‘ছবি আপলোড করুন’ ও ‘স্বাক্ষর আপলোড করুন’ অপশনের মাধ্যমে প্রয়োজনীয় ছবি ও স্বাক্ষর জমা দিতে হবে। ছবি হতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন, যার মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট। স্বাক্ষরের মাপ নির্ধারণ করা হয়েছে ৩০০×৮০ পিক্সেল; ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে পারবে। ছবি ও স্বাক্ষর উভয়ই JPG অথবা JPEG ফরম্যাটে আপলোড করতে হবে।

ছবি ও স্বাক্ষর আপলোডের পর আবেদনযোগ্য ইউনিটের তালিকা থেকে পছন্দের ইউনিট নির্বাচন করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এভাবে যোগ্যতা অনুযায়ী একজন শিক্ষার্থী এক বা একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। পেমেন্টের বিস্তারিত নিয়ম ও ধাপ বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

অন্যদিকে, ও-লেভেল ও এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে।

আবেদনের ওয়েবসাইট: admission.juniv.edu

ভর্তি বিজ্ঞপ্তি: এখানে দেখুন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ