×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন

২০২৬ নভেম্বর ১৫ ১২:৩৮:৩৪

নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করে নিয়োগ নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারীরা। রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে তাঁরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ১৫ জানুয়ারির প্রতিশ্রুতি এবং ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে। ওই সুপারিশে ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের কথা বলা হয়েছে।

এ ছাড়া গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে দৈনিক শিক্ষা ডট কমের সম্পাদক সিদ্দিকুর রহমান খান ১ম থেকে ১২তম নিবন্ধিত শিক্ষকদের নিয়ে ‘মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা। এর প্রতিবাদেও এ কর্মসূচি পালন করছেন বলে জানান নিবন্ধনধারীরা।

এর আগে গত ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন সম্পর্কে স্থায়ী কমিটিকে অবহিত করা হয়। পাশাপাশি ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএর নেওয়া সর্বশেষ সিদ্ধান্তও কমিটিকে জানানো হয়। পরে কমিটি এসব নিবন্ধনধারী শিক্ষকের নিয়োগপ্রক্রিয়া সরকারের নির্বাহী আদেশে সম্পন্ন করার সুপারিশ করে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ