×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

২০২৬ নভেম্বর ১৫ ১০:৫৫:০০

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে কাজ ও আয় নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে কাজে যোগ দিতে কারখানায় এসে ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। পরে কাজ না করেই ফিরে যান তারা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কারখানা খোলার বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কর্মসংস্থান হারানোর আশঙ্কা তৈরি হয়েছে শ্রমিকদের মধ্যে।

কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর এবং রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে।

এপেক্স হোল্ডিংয়ের কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিন কাজ করে যে আয় হয়, তা দিয়েই তাদের সংসার চলে। বেতন বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করেছিলেন। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দেওয়ায় এখন তারা কাজে ফিরতে চান। কিন্তু প্রতিদিন কারখানায় এসে ছুটি কিংবা বন্ধের খবর পাচ্ছেন। রোববারও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে তারা হতাশ হয়েছেন।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পুলিশ, শিল্প পুলিশের বিশেষায়িত ইউনিট, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলন, কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে উৎপাদন কার্যক্রম চলছে না। রোববার থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা কর্তৃপক্ষ সকালে ছুটি ঘোষণা করেছে। রোববার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত