×

ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ১০ ২০:১৩:৩৬

ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

​মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এলাকায় ব্যাপক প্রভাব ছিল এই ছাত্রলীগ নেতার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। কিছুদিন ধরে গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন ফেরদাউস। মঙ্গলবার দুপুরে তিনি সালথা থানা রোড এলাকায় এলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

​পরিবার সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে ফেরদাউসের সোনালী ব্যাংকে অফিসার পদে যোগ দেওয়ার কথা ছিল।

​সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি ছাত্রলীগ নেতা ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত