ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে সরকারের পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার পাশাপাশি পরোক্ষ সহযোগিতার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকারের নিষ্ক্রিয়তা ও একধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। এসব ঘটনার দায় বিএনপি সরকার এড়াতে পারে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থক ও সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এবং বাসসহ অন্যান্য গণপরিবহনে আগুন দিচ্ছে। এতে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কিন্তু এসব ঘটনা প্রতিরোধে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা ব্যর্থ হচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া গণপরিবহন, সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। এতগুলো ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কার্যকর পদক্ষেপ না নেওয়া উদ্বেগজনক।
বিবৃতিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করেন জামায়াতের এই নেতা। ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
গোলাম পরওয়ারের অভিযোগ, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান ও রাষ্ট্রকাঠামো সংস্কার না করায় ফ্যাসিস্ট শক্তিগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিস্ময়কর নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।
তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বিভিন্ন সময়ে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে। কিন্তু সরকার সেসব বিষয়ে কর্ণপাত করছে না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে।
সরকার নিজেদের দায়িত্বহীনতার কারণে সৃষ্ট সংকটের দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। তবে অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর এই অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা কঠোর হাতে দমনে সরকারের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার। অন্যথায় এসব ঘটনায় ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকাতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আনতে হবে। তা না হলে জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিও জানান তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম