ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধমূলক সেবায় জোর দিলেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শুধু সাময়িক সংকট মোকাবিলা বা ‘ফায়ার ফাইটিং’ করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, কোনো রোগ বা মহামারি প্রকট আকার ধারণ করলে সেখানে সাময়িকভাবে মলম লাগানোর প্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবায় রূপান্তর করতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নীতিনির্ধারণ ও মাঠপর্যায়ের পরিকল্পনায় যুক্ত করার কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে এমপিএইচ ও এমফিল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ প্রমুখ।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দায়িত্ব নেওয়ার পর গত আট মাস ধরে মন্ত্রণালয়কে মূলত বিভিন্ন সংকট মোকাবিলায় ব্যস্ত থাকতে হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ‘ফায়ার ফাইটিং’ করতে হয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয়েছে। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে মাত্র এক মাসের মধ্যে দুই কোটি শিশুর কাছে টিকা ও কোল্ড চেইন নিশ্চিত করে পৌঁছে দেওয়া সহজ কাজ ছিল না। এটি কোনো একজন ক্লিনিশিয়ানের একার কাজ নয়। এ জন্য দক্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিখুঁত পরিচালনাগত ও সরবরাহ ব্যবস্থাপনার পরিকল্পনা প্রয়োজন হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতির উদাহরণ টেনে আন্তর্জাতিক জনস্বাস্থ্যবিদ ড. এম এ মুহিত বলেন, হামের প্রাদুর্ভাবের পরপরই সামনে আসে ডেঙ্গু। লার্ভিসাইড প্রয়োগ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, হাসপাতালের শয্যা ও স্যালাইন সরবরাহের সমন্বয় থেকে শুরু করে দ্রুততম সময়ে দেশের দুই হাজার চিকিৎসককে ডেঙ্গু চিকিৎসায় পুনঃপ্রশিক্ষণ বা হালনাগাদ প্রশিক্ষণ দেওয়ার পুরো কৌশল ও ব্যবস্থাপনা জনস্বাস্থ্য ভাবনারই ফসল। কিন্তু শুধু তাৎক্ষণিক সংকটে মলম লাগিয়ে বা জরুরি ভিত্তিতে আগুন নেভানোর মতো কাজ করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা যায় না। আমাদের কাজে এখনো ‘সমন্বিত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি’র বড় ঘাটতি রয়েছে।
স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণ ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা ইউরোপের অনেক দেশের সমান। অথচ জেলা পর্যায়ে কোনো সমন্বিত স্বাস্থ্য কর্তৃপক্ষ নেই। ৬৪ জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা ও তদারকির কার্যক্রম সাজানো গেলে স্বাস্থ্য খাতের চিত্র আমূল বদলে যেত।
তিনি আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকার কেনাকাটা হলেও সমন্বিত পরিকল্পনার অভাবে অবকাঠামো ও যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়নি। প্রতি একজন চিকিৎসকের বিপরীতে অন্তত তিনজন নার্স থাকার কথা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও সরকারি খাতে এ অনুপাত সমান সমান, অর্থাৎ একজন চিকিৎসকের বিপরীতে একজন নার্সে আটকে আছে। এ ধরনের কাঠামোগত দুর্বলতা দূর করতে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, স্বাস্থ্যনীতি ও হাসপাতাল ব্যবস্থাপনার বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজে লাগাতে হবে।
সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মূল ভিত্তি হলো প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা। এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে পরিকল্পনা রয়েছে, তাঁদের প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি এবং দেশের রোগতাত্ত্বিক বাস্তবতার আলোকে রোগী প্রেরণ ও সেবা আদান-প্রদানের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার কাজ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরই করতে হবে। শিক্ষার্থীদের সরকারের ২০ দফার অগ্রাধিকারমূলক স্বাস্থ্য লক্ষ্য এবং চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার মতো জাতীয় ইস্যুতে গবেষণাভিত্তিক থিসিস রচনার আহ্বান জানান তিনি।
নিপসমের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একসময় প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা সাময়িকী ‘জবসন’ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসা গবেষণার তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ তালিকাভুক্ত ছিল। সাময়িকীটির সেই স্বীকৃতি ফিরিয়ে আনা জরুরি। এ ছাড়া ধামরাইয়ে অবস্থিত নিপসমের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রটির আবাসন ও গবেষণাগারের সুবিধা আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি। এতে শিক্ষার্থীদের সরাসরি মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, সরকারের লক্ষ্য প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। বর্তমান প্রতিমন্ত্রী এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। সরকারের লক্ষ্য অর্জনে এর কোনো বিকল্প নেই।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম