×

ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ার আহ্বান রাশেদ খানের

২০২৬ নভেম্বর ০৯ ২১:৫৪:৩৩

আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ার আহ্বান রাশেদ খানের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ জন্য বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগামী তিন মাস রাজপথে সতর্ক অবস্থানে থেকে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাড়ির মালিকদের ভাড়াটিয়াদের বিষয়ে সতর্ক থাকার এবং সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনার তথ্য প্রশাসনকে জানানোর অনুরোধ করেছেন।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব আহ্বান জানান রাশেদ খান। পোস্টে তিনি দাবি করেন, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তিনি লেখেন, ‘আজকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্পটে চলন্ত বাসে আওয়ামী দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শেখ হাসিনার নির্দেশনায় ওরা মানুষ পুড়িয়ে মারার খেলায় নেমেছে।’

গণপ্রতিরোধ গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রাশেদ খান বলেন, ‘গণপ্রতিরোধের নেতৃত্ব দিতে সারাদেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই। আগামী ৩ মাস চোখ-কান খোলা রেখে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে।’

রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে তিনি আরও লেখেন, ‘রাজনৈতিক স্বার্থের খেলায় জামায়াত-এনসিপি মাঠে নামবে না ধরে নিয়েই জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী শক্তিকে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে হবে।’

ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, আওয়ামী লীগের পলাতক অপরাধীরা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরসহ বড় শহরগুলোতে আশ্রয় নিয়েছে। এ বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘বাড়ির মালিকদের প্রতি অনুরোধ করব, আপনাদের বাসায় কারা ভাড়া থাকে, ভাড়াটিয়াদের বাসায় অপরিচিত সন্দেহজনক ব্যক্তির আনাগোনা বাড়ছে কি না, সেই তথ্য প্রশাসনকে অবহিত করুন। এছাড়া আওয়ামী লীগের কোনো পলাতক আসামির কাছে বাসা ভাড়া দেবেন না।’

আওয়ামী লীগের প্রতি এত দিন দেখানো নমনীয়তাকে দলটি দুর্বলতা হিসেবে বিবেচনা করছে বলে মন্তব্য করেন রাশেদ খান। তিনি লেখেন, ‘সামাজিক সম্প্রীতির কথা চিন্তা করে ওদের প্রতি এতদিন নমনীয়তা দেখানোকে ওরা দুর্বলতা মনে করেছে। কিন্তু আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত