ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার নির্ধারিত সূচিতে পরিবর্তন আসতে পারে। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পর ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে পরীক্ষা কত দিন পেছানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত’ আলোচনা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে মন্ত্রণালয় ও অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, সভায় ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে উপাচার্যদের অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। শুরুতে তাঁদের কেউ কেউ এ প্রস্তাবে রাজি না হলেও পরে প্রাথমিকভাবে সম্মতি জানান।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মেডিকেলসহ সব ধরনের ভর্তি পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে উপাচার্য ও কর্মকর্তাদের মধ্যে শুরুতে মতভিন্নতা ছিল। শিক্ষামন্ত্রীর অনুরোধের পর তাঁরা প্রাথমিকভাবে সম্মতি প্রকাশ করেন।
ওই কর্মকর্তা আরও জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে ভর্তি পরীক্ষা কত দিন পেছানো হবে, তা পরবর্তী সময়ে জানাবে।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। এ বছর পরীক্ষায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো ৪ লাখের বেশি শিক্ষার্থীকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ পরীক্ষা নেওয়া এবং একই মাসের শেষে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা আগামী ৪ ডিসেম্বর থেকে। ওই দিন সারা দেশে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন ৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এরপর ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার কারণে এসব সূচিতে পরিবর্তন আসবে কি না, তা জানতে এখন বিশ্ববিদ্যালয়গুলোর আলোচনার দিকে তাকিয়ে থাকতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়