×

ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

২০২৬ অক্টোবর ২৮ ১১:২৯:৫৪

ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে বহিষ্কার করেছে দল। তিনি নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে।

বুধবার (২৮ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, সহযোদ্ধার জীবনহানির মতো গুরুতর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিন্টুর প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ বাতিল করা হয়েছে।

শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে। গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ অক্টোবর রাতে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই ব্যক্তি প্রথমে শাকিলকে লক্ষ্য করে গুলি করেন। পালানোর চেষ্টা করলে তাকে ধরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যান তারা। গুরুতর আহত শাকিলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়া হয়।

এ ঘটনায় নুরুজ্জামান মিন্টুকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। পরে আদালতে হাজির করা হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত