×

ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন শুনানি আজ

২০২৬ অক্টোবর ২৬ ১১:৩৯:০৭

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের ওপর আজ সোমবার (২৬ অক্টোবর) শুনানি হবে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর এ মামলায় জামিন পাননি আখতারুজ্জামান। এক দিনের রিমান্ড শেষে ওই দিন তাঁকে আদালতে হাজির করা হলে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় মামলাটি করা হয়।

গ্রেপ্তারের পর তদন্তের স্বার্থে আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাঁদের বহনকারী ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে লাগেজ সংগ্রহ করতে যাত্রীরা ৮ নম্বর বেল্টের কাছে যান।

সেখানে যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি পেতে অপেক্ষা করতে হচ্ছিল। এ সময় কয়েকজন প্রটোকল সহকারীর বিরুদ্ধে লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়। পাশাপাশি লাগেজ পেতে দেরি হওয়া এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর উত্তেজিত হয়ে অশোভন আচরণের বিষয়টিও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এসব ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন। এতে দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ