×

ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ ও দোয়ার কর্মসূচি জামায়াতের

২০২৬ অক্টোবর ২৫ ১৩:০২:২৫

২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ ও দোয়ার কর্মসূচি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা এবং ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। সেদিনের নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়ে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।

তিনি বলেন, ঐতিহাসিক ওই ঘটনার দুই দশক পূর্ণ হতে চলেছে। অথচ আজও হত্যাকারীদের বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এই পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের নারকীয় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে কেন্দ্রীয় সংগঠন দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা এবং ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নেতারা অংশ নেবেন।

বিবৃতিতে জামায়াতের সব শাখাকে দিবসটি উপলক্ষে ঘোষিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মসূচি সার্বিকভাবে সফল করতে দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে দলটি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত