×

ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ফাইনালে ওঠার সমীকরণে জিম্বাবুয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ

২০২৬ অক্টোবর ১৯ ১৪:০২:০০

ফাইনালে ওঠার সমীকরণে জিম্বাবুয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: একসময় জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামলেই বাংলাদেশের জয়ের প্রত্যাশা করতেন সমর্থকেরা। তবে সময়ের সঙ্গে পাল্টেছে সেই চিত্র। সবশেষ সিরিজে জিম্বাবুয়ের কাছে হারের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ৯৯ রানের এই হারে শান্তদের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে। নিজেদের ম্যাচে জয়ের পাশাপাশি এখন ফাইনালে যাওয়ার সমীকরণ মেলাতে জিম্বাবুয়ের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।

শনিবার আবুধাবিতে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট হয়ে যায় তাওহীদ হৃদয়দের দল। ৯৯ রানের পরাজয়ে বাংলাদেশের নেট রান রেট দাঁড়িয়েছে -১.৯৮০। ফলে টুর্নামেন্টের শুরুতেই ফাইনালের লড়াইয়ে পিছিয়ে পড়েছে দলটি।

তিন দলের এই প্রতিযোগিতায় ফাইনালের আগে প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে হারের পর তাই বাংলাদেশের সামনে আর ভুল করার সুযোগ খুব বেশি নেই। ফাইনালের আশা টিকিয়ে রাখতে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে শান্তদের। তবে এই জয়ই ফাইনালে জায়গা নিশ্চিত করবে কি না, তা নির্ভর করছে সোমবার জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ফলের ওপরও।

জিম্বাবুয়ে যদি আফগানিস্তানকে হারায়, তাহলে বাংলাদেশের জন্য ফাইনালে ওঠার হিসাব তুলনামূলক সহজ হবে। সেক্ষেত্রে ফাইনালে জায়গা করে নেবে জিম্বাবুয়ে। আর দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার লড়াই হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে। আগামী ২১ অক্টোবর শারজায় মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটি কার্যত অলিখিত সেমিফাইনালে পরিণত হবে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ওই ম্যাচে জয় ছাড়া বিকল্প থাকবে না বাংলাদেশের।

অন্যদিকে, সোমবারের ম্যাচে আফগানিস্তান জিতলে বাংলাদেশের ফাইনালে ওঠার হিসাব আরও কঠিন হয়ে যাবে। তখন আফগানিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি নেট রান রেটও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে এই দিক থেকেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে শুধু জয় পেলেই হবে না, জয়ের ব্যবধানও ফাইনালে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বাংলাদেশের বিপক্ষে বড় জয় পাওয়ায় আপাতত সুবিধাজনক অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। সোমবার আফগানিস্তানের বিপক্ষে তাদের ম্যাচের ফলেই ফাইনালের সমীকরণ আরও স্পষ্ট হবে। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে।

এখন ফাইনালে ওঠার আশা ধরে রাখতে বাংলাদেশকে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে। পাশাপাশি সমীকরণ সহজ করতে জিম্বাবুয়ের জয়ও প্রত্যাশা করতে হবে দলটিকে। একসময় যে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামত বাংলাদেশ, এবার সেই দলের ফলের ওপরই নির্ভর করছে ফাইনালে ওঠার স্বপ্ন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত