×

ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০২৬ অক্টোবর ২৪ ১৭:২২:২২

ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম (১৯) নামে এক যুবককে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মারুফ বিন হাবিব তালুকদার নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা খোশালপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকরাম কোনাগাতী এলাকার মো. রহিম সরকারের ছেলে। ওই দিন রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় অভিযুক্ত মারুফকেও গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আসাব আলী জানান, দুপুরে আকরামকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। হত্যাকাণ্ডের পর বাড়ির ভেতরে মরদেহ পড়ে ছিল। এ সময় অভিযুক্ত মারুফ নিজের শয়নকক্ষে অবস্থান করছিলেন।

তিনি আরও জানান, সন্ধ্যায় মারুফের বাড়ির দরজা-জানালা বন্ধ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বারবার ডাকাডাকি করলেও বাড়ির ফটক খোলা হয়নি। একপর্যায়ে গ্রামবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মারুফকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মারুফ বিন হাবিব তালুকদার ওই এলাকার নুর মোহাম্মদ তালুকদার ও মিনা খাতুনের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা। এ ছাড়া তিনি সাবেক ইউপি চেয়ারম্যান আল-আমিনের আত্মীয়।

এদিকে, মারুফের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে বিয়ের সম্পর্ক গড়ে অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে মারুফ তালুকদার জানায়, আকরাম তার বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছে এবং তার মাকে ধর্ষণের পর্যায়ে গিয়েছিল। সেই জন্য তাকে হত্যা করেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে আকরামকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত