×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা

২০২৬ অক্টোবর ১৪ ২০:০৫:৫৯

ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গরু ভোজের আয়োজন করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে আয়োজনের স্থান হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা উল্লেখ করা হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা তাঁর ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন। একই পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ। তাঁদের শেয়ার করা পোস্টের সঙ্গে নিবন্ধনের জন্য গুগল ফরমের লিংকও যুক্ত রয়েছে।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার কথা উল্লেখ করে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত নৈশভোজে গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের সূত্রপাত হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভও করেন তাঁরা।

ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রশাসনের এ নির্দেশনার পরই নিষেধাজ্ঞার প্রতিবাদে গরু ভোজের কর্মসূচি ঘোষণার বিষয়টি সামনে আসে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ