ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তখন বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট।
জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তাঁর সফরসঙ্গী এবং টোকিওতে বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির আমন্ত্রণে এ সফরে গেছেন তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানে তাকাইচির সঙ্গে তারেক রহমানের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী। সফরে দুই দেশের মধ্যে সহযোগিতাসংক্রান্ত প্রায় আটটি নথি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন থেকে চারটি সমঝোতা স্মারক বা চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
প্রস্তাবিত সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়ন।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং জাপানি ব্যবসায়ীদের সামনে বিনিয়োগের সুযোগ তুলে ধরার বিষয়টিও সফরে গুরুত্ব পাবে। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা চুক্তির ঘোষণা এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশের অবকাঠামো প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধি এবং জাপানি ঋণের সুদের হার কমানোর বিষয়টি সফরে আলোচনায় আসতে পারে। বিশেষ করে ঢাকার মেট্রোরেল প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধি নিয়ে বাংলাদেশের উদ্বেগ রয়েছে। এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় ৮৩ শতাংশ এবং এমআরটি লাইন-৫ প্রকল্পের ব্যয় ১১৩ শতাংশ বেড়েছে। এসব প্রকল্পের ব্যয়ের চাপ কমানো এবং উন্নয়ন অর্থায়ন আরও সাশ্রয়ী করার বিষয়ে আগ্রহী বাংলাদেশ।
জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণও সফরের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তব্য দেবেন। সেখানে জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার কথা রয়েছে। এ ছাড়া জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের সূচি রয়েছে।
সফরসূচিতে জাপানের চিবা অঞ্চলে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে। এ ছাড়া নাগোয়ায় ইউনিক্লোর সদর দপ্তর এবং টয়োটার কারখানাও পরিদর্শন করতে পারেন প্রধানমন্ত্রী। জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন ও প্রযুক্তি খাতে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে দীর্ঘদিনের অংশীদার জাপান। মেট্রোরেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন প্রকল্পে দেশটির সহযোগিতা রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়