×

ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’

২০২৬ অক্টোবর ২৭ ২১:৩৭:৪৭

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও নির্যাতন চালানোর অভিযোগ তুলে আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কেউ কেউ এখনো আশকারা পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে সতর্ক করে শফিকুর রহমান বলেন, ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে ক্ষমতা ছাড়তে পারেনি। প্রতিবারই দলটিকে লাঞ্ছনা ও অপমানের মধ্য দিয়ে বিদায় নিতে হয়েছে। কেউ আবার একই পথে হাঁটতে চাইলে তাঁদের পরিণতিও একই রকম হবে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, কারও একটি পশম ধরে টান দেওয়া হোক তাও আমরা চাই না। তবে ন্যায়বিচার হলে প্রতিটি অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। বাংলাদেশ আমাদের সবার। কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে বাংলাদেশকে ইজারা দেবো না। আমরা আমাদের বাংলাদেশকে দেখে-শুনে রাখবো, পাহারা দিয়ে রাখব।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, জীবন একটাই। এ জীবন আল্লাহর জন্য ও মানবতার জন্য উৎসর্গ করতে তাঁরা প্রস্তুত। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তাঁর দলের নেতাদের পা বা ঠোঁট কাঁপেনি। কারণ, তাঁরা বিশ্বাস করতেন, তাঁদের ওপর জুলুম করা হয়েছে এবং শহীদ হয়ে তাঁরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন।

জামায়াতের অনেক সহকর্মী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন বলেও দাবি করেন শফিকুর রহমান। তাঁদের মধ্যে কারও কারও কবর এখনো পরিবারের সদস্যরা খুঁজে পাননি। অনেক মা-বাবা আজও জানেন না, তাঁদের সন্তান বেঁচে আছেন, নাকি মারা গেছেন। মারা গিয়ে থাকলে কোথায় তাঁদের কবর, সেই তথ্যও তাঁরা জানেন না বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে শফিকুর রহমান বলেন, মানুষ হত্যা যদি রাজনীতির সংজ্ঞা হয়, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। কিন্তু রাজনীতি যদি মানুষের কল্যাণে দেশ গঠন, উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার নাম হয়, তাহলে দলটি সেই যোগ্যতা রাখে না। এ কারণে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত