×

ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার নিন্দা জিএম কাদেরের

২০২৬ অক্টোবর ২৬ ১৪:৪৫:৫৮

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার নিন্দা জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মৃত্যুর পরও তাঁকে নির্বিঘ্নে সমাহিত করতে না দেওয়ার ঘটনাকে মুক্তিযুদ্ধের মর্যাদা ও মানবিক মূল্যবোধের চরম অবমাননা বলে অভিহিত করেছেন তিনি।

জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদী হয়ে সাক্ষ্য দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী।

গণমাধ্যমের বরাত দিয়ে দেওয়া এক বিবৃতিতে জি এম কাদের বলেন, মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর গভীর রাতে পুলিশ পাহারায় মানিক পশারীর দাফন সম্পন্ন হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা প্রথমে খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে দেন। পরে তাঁর মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় নিজেরাই কবর খনন করেন। এ দৃশ্য শুধু হৃদয়বিদারক নয়, রাষ্ট্র ও সমাজের জন্যও অশনিসংকেত।

পিরোজপুরে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জি এম কাদের।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে কারও মৃতদেহের অসম্মান করা বা শোকাহত পরিবারকে হয়রানি করার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিরও পরিপন্থী।

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর কবর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের সুরক্ষা দেওয়ার দাবি জানিয়েছেন জি এম কাদের। এ ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানান তিনি।

বিবৃতিতে মানিক পশারীর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত