×

ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল

২০২৬ নভেম্বর ০৩ ১৯:৩৯:০৫

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনার প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে পরবর্তী সভা কবে অনুষ্ঠিত হবে, তা এখনো নির্ধারণ করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক দেশে ফেরার পর সভা আয়োজনের কথা জানানো হলেও আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভার আলোচনার ভিত্তিতে পরবর্তী সভা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক দেশে ফিরেছেন। শিগগিরই তাঁকে বিষয়গুলো অবহিত করে সভার তারিখ নির্ধারণ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বদলির ফল প্রকাশের পূর্বে কতগুলো সভা করতে হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কোন বিষয়গুলো পরিবর্তন করতে হবে, বা আদৌ কোনো কিছু পরিবর্তন হবে কিনা সে বিষয়গুলো এখনো নিশ্চিত না। সভার তারিখ এখনো নির্ধারণ হয়নি। কবে সভা হবে সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’

এদিকে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। নীতিমালা সংশোধনের পর নতুন করে আবেদন নেওয়ার পরামর্শও দিয়েছেন কেউ কেউ। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে নীতিমালার কোন কোন ধারায় পরিবর্তন আনা হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শেষ হয়েছে। মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের কাছ থেকে হার্ডকপিতে আবেদন নেওয়া হয়েছে। আর কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আবেদন নেওয়া হয়েছে সফটওয়্যারের মাধ্যমে। মাদ্রাসার আবেদন ম্যানুয়ালি নেওয়া হলেও বদলির ফল প্রকাশ করা হবে না ম্যানুয়ালি। মাদ্রাসা অধিদপ্তর সফটওয়্যার তৈরি করতে না পারায় স্কুল-কলেজের জন্য তৈরি করা সফটওয়্যারের মাধ্যমেই তাঁদের বদলির ফল প্রকাশ করা হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আবেদন পৃথকভাবে নেওয়া হলেও তিন অধিদপ্তরের বদলির কার্যক্রম পরিচালিত হবে একই সফটওয়্যারে। এ ক্ষেত্রে টেলিটকের তৈরি বদলি সফটওয়্যার ব্যবহার করা হবে। এ জন্য টেলিটকের সঙ্গে আলোচনা করে সফটওয়্যারটির সক্ষমতা বাড়ানো হবে।

সভায় উপস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তিন অধিদপ্তরের বদলি একই সফটওয়্যারে করার ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন। ফলাফলও একই সফটওয়্যারের মাধ্যমে করা হবে। তবে এটি কীভাবে করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়টি চূড়ান্ত করা হবে।’

তিন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের প্রক্রিয়া আলাদা হলেও ফল প্রকাশের ক্ষেত্রে একই সফটওয়্যার ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে বদলি নীতিমালায় সম্ভাব্য সংশোধন এবং সফটওয়্যারের ব্যবহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী সভায়। সেই সভার তারিখ এখনো নির্ধারিত না হওয়ায় বদলির ফল প্রকাশের সময়ও স্পষ্ট নয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত