ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
প্রশিক্ষণ নিয়ে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহ্দী আমিন
নিজস্ব প্রতিবেদক: ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি জানান, খুব শিগগিরই স্বল্প পরিসরে এ কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর হোটেল রিজেন্সিতে ‘ইতালিতে দক্ষ অভিবাসনের জন্য ভাষা, নাগরিক ও পেশাগত প্রশিক্ষণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইতালির দূতাবাস ও তাদের আন্তর্জাতিক সহযোগী অংশীদারেরা যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
মাহ্দী আমিন বলেন, ইতালিয়ান ভাষা শিক্ষা, নির্দিষ্ট কর্মদক্ষতা অর্জন এবং পেশাগত আচরণ ও মূল্যবোধের বিকাশ—এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। সরকার প্রশিক্ষণের এ কাঠামো জাতীয় পর্যায়ে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে এবং বিভিন্ন খাতে বাস্তবায়ন করতে চায়।
তিনি বলেন, দক্ষ, নিয়মতান্ত্রিক ও কম খরচে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করা নতুন সরকারের সুনির্দিষ্ট রূপকল্পের অংশ। অভিবাসনপ্রত্যাশীদের জন্য স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় বিদেশে কাজের সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পাশাপাশি সম্ভব হলে শূন্য খরচে বিদেশ যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
প্রবাসী কর্মীদের সহায়তায় সরকারের নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ইতালি সরকারের ইতিবাচক উদ্যোগটি জাতীয় নীতির সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নে সরকার প্রস্তুত। এ মডেলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্যান্য দেশ ও খাতেও দক্ষ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ করা সম্ভব।
মাহ্দী আমিন আরও বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি তরুণদের তৃতীয় ভাষা শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতালিয়ান ভাষা, আধুনিক কর্মদক্ষতা ও পেশাগত নিয়মকানুন শেখানোর উদ্যোগটি সরকারের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমের বাস্তব প্রতিফলন। ভবিষ্যতে ইতালিয়ানসহ অন্যান্য আন্তর্জাতিক ভাষা কারিগরি ও ভোকেশনাল শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রবাসীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বোয়েসেলসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ অভিবাসন প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইতালিতে বসবাসরত আড়াই লাখের বেশি বাংলাদেশির অবদানের কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, দেশটির সমাজ ও অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তরুণদের যথাযথ প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সুযোগ দিতে পারলে তাঁরা দক্ষতা ও মর্যাদার সঙ্গে বিদেশে কাজ করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।
সেমিনারে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনপ্রধান ড. লরা টম বন্ডেসহ ইতালি দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য দেন।
প্রসঙ্গত, ইতালির অভিবাসন আইনের ২৩ ধারা অনুযায়ী, দেশটির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয় অনুমোদিত প্রস্থান-পূর্ব প্রশিক্ষণ প্রকল্পের আওতায় নির্ধারিত ‘ফ্লো ডিক্রি’র কোটার বাইরেও দক্ষ কর্মীদের বৈধভাবে ইতালি যাওয়ার সুযোগ রয়েছে। এসব প্রশিক্ষণে ইতালিয়ান ভাষা, দেশটির সমাজ ও নাগরিক জীবন এবং সংশ্লিষ্ট পেশার দক্ষতা শেখানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- তাশরীফের বাবার ১৭–১৮টি বিয়ের দাবি মায়ের
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)