×

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

২০২৬ নভেম্বর ০১ ১৮:৪৪:১৯

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে টেকসই অবকাঠামো, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আগ্রহী ডেনমার্ক।

আজ রোববার ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক মোলার। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়। ইনভেস্ট বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে দুই দেশের মধ্যে নতুন বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা এবং চলমান প্রকল্পগুলোর কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় ঐতিহ্যবাহী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজ দ্রুত ও সমন্বিতভাবে এগিয়ে নিতে একটি যৌথ ওয়ার্কিং টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়। ডেনমার্কের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

বাংলাদেশের জ্বালানি খাতকে আধুনিক ও পরিবেশবান্ধব করে তুলতে ডেনমার্কের কারিগরি অভিজ্ঞতা ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়। এ ছাড়া হাতিয়ার মেঘনা নদীর মোহনায় অবস্থিত স্বর্ণদ্বীপের সার্বিক সম্ভাবনার বিষয়টি বৈঠকে উঠে আসে।

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অব্যবহৃত ও সম্ভাবনাময় জমি এবং শিল্পসম্পদে ডেনিশ বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান।

বিশেষ করে যেসব এলাকায় আগে চিনিকলসহ বিভিন্ন কারখানা ছিল অথবা বর্তমানে যেসব কারখানা স্থবির অবস্থায় রয়েছে, সেসব স্থানে নতুন শিল্প স্থাপন কিংবা বিদ্যমান সম্পদের উৎপাদনশীল ব্যবহারের সুযোগ তুলে ধরা হয় ডেনিশ বিনিয়োগকারীদের সামনে। আগ্রহী বিনিয়োগকারীরা সুনির্দিষ্ট প্রস্তাব দিলে ইনভেস্ট বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে দুই দেশের সহযোগিতার অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়। ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক ড. জুলিয়া মইন দেশের উত্তরাঞ্চলে এ শিল্পের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি মৌসুমি কৃষিপণ্যভিত্তিক সম্ভাব্যতা যাচাই, কোল্ড স্টোরেজ অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন ফলমূল থেকে আন্তর্জাতিক মানের পানীয় ও খাদ্যপণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেন। এসব পণ্য স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে টেকসই অবকাঠামো, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে... বিস্তারিত