ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP31-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছে বাংলাদেশের যুব ও নাগরিক সমাজভিত্তিক সংগঠন ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের (YFB) একটি প্রতিনিধিদল। আগামী ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়া (Antalya) শহরে শুরু হতে যাওয়া এ সম্মেলনে বাংলাদেশের তরুণ সমাজ, তৃণমূল জনগোষ্ঠী ও নাগরিক সমাজের জলবায়ু-সংক্রান্ত অভিজ্ঞতা, প্রত্যাশা এবং অগ্রাধিকার আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চায় সংগঠনটি।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশন (UNFCCC)-এর অধীনে যুব সংগঠনের পর্যবেক্ষক সংস্থা (Observer Organization) হিসেবে সম্পৃক্ত YFB দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, যুব নেতৃত্ব, জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছে।
COP31-এ বাংলাদেশের শহরগুলোকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলা, নগর জলবায়ু অভিযোজন, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং ন্যায্য রূপান্তর (Just Transition)—এসব বিষয় বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরতে চায় YFB-এর প্রতিনিধিদল।
COP31 সামনে রেখে সম্প্রতি বাংলাদেশে একটি প্রাক-কপ (Pre-COP) সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং বিভিন্ন নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের নগরগুলোকে সক্ষম করে গড়ে তোলা এবং ন্যায্য জ্বালানি ও অর্থনৈতিক রূপান্তরের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
YFB মনে করে, বাংলাদেশের নগরগুলোতে জলাবদ্ধতা, তাপপ্রবাহ, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, জলসম্পদের সংকট ও অপরিকল্পিত নগরায়ণের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত জলবায়ু পরিকল্পনা জরুরি। এ জন্য স্থানীয় সরকার, নাগরিক সমাজ, যুব সংগঠন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
সংগঠনটি মনে করে, ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে শ্রমজীবী মানুষ, নারী, যুবসমাজ, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের স্বার্থ ও অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। সবুজ কর্মসংস্থান, যুব উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগকে এ রূপান্তরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে YFB।
ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শফিউল আলম বলেন, “COP31-এ Youth Foundation of Bangladesh-এর অংশগ্রহণ বাংলাদেশের তরুণ সমাজ এবং তৃণমূল পর্যায়ের জলবায়ু বাস্তবতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমরা চাই বাংলাদেশের শহরগুলোকে জলবায়ু সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার বিষয়টি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় আরও গুরুত্ব পাক। একই সঙ্গে Just Transition এমন হতে হবে, যেখানে তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায়সংগত সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত হয়। আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা ও সহযোগিতাকে আমরা বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়ন উদ্যোগে কাজে লাগাতে চাই।”
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের জন্য পর্যাপ্ত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, অভিযোজন সহায়তা এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। COP31-এর আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের বাস্তবতা ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হওয়া প্রয়োজন।
YFB-এর প্রতিনিধিদল COP31-এর বিভিন্ন অধিবেশন, আলোচনা, অংশীদারত্বমূলক সভা এবং নাগরিক সমাজের উদ্যোগে সম্পৃক্ত হওয়ার প্রত্যাশা করছে। পাশাপাশি আন্তর্জাতিক যুব সংগঠন, উন্নয়ন সহযোগী, জলবায়ু বিশেষজ্ঞ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হবে।
YFB বিশ্বাস করে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা শুধু কোনো একটি দেশের দায়িত্ব নয়; এটি বৈশ্বিক সম্মিলিত দায়িত্ব। বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা, তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতা এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু আন্দোলনকে আরও কার্যকর করতে ভূমিকা রাখতে পারে।
COP31-এর মাধ্যমে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার, যুব নেতৃত্ব এবং জলবায়ু ন্যায়বিচারের বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ