×

ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

২০২৬ নভেম্বর ০৯ ২১:৪৯:১৫

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং সরকারি বিধিবিধান ও নিবন্ধনের শর্ত লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। একই সঙ্গে সংস্থাগুলোর যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং পরবর্তী সময়ে ব্যুরো থেকে জারি করা আইনি নির্দেশনা অমান্য করার মতো অভিযোগে এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলের অভিযোগও রয়েছে। এসব কারণে সংস্থাগুলোকে কালো তালিকাভুক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এনজিওবিষয়ক ব্যুরো নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধানের আওতায় বিভিন্ন দায়িত্ব পালন করে। এর মধ্যে রয়েছে নতুন এনজিওর নিবন্ধন দেওয়া, মেয়াদোত্তীর্ণ নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদানে পরিচালিত প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকি।

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওগুলোর ভূমিকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯০ সালে এনজিওবিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে দেশে বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবী কার্যক্রমের সমন্বয় করে আসছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো উল্লেখযোগ্য অবদান রাখছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেকসই রাষ্ট্র গঠনেও তাদের অবদান রয়েছে।

তবে বেআইনি কর্মকাণ্ডে জড়িত সংস্থাগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত