×

ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ০৯ ২১:৩৯:২১

ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোপনীয় নথি সংগ্রহ ও পাচারের অভিযোগে করা মামলায় টিএসসির অফিস সহায়ক শেখ মো. জসিমকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তার বিরুদ্ধে ভুয়া বিল পাস এবং চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে শাহবাগ থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের জুনিয়র সিকিউরিটি অফিসার মুনির হোসেন। এর আগে ঢাবি প্রশাসন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জসিমের বিরুদ্ধে তথ্য পাচার এবং বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, জসিম গত দুই বছর ধরে টিএসসির পরিচালক ফারজানা বাসারের অফিসের গোপন ও স্পর্শকাতর নথি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও গণমাধ্যমকর্মীর কাছে গোপনে পাঠাতেন। এ ছাড়া অননুমোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের বেতন স্লিপ সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন। উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিভিন্ন গোপন তথ্য এবং অভ্যন্তরীণ প্রশাসনিক নথিও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে জসিম তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ডিজিটাল তথ্য, যোগাযোগের রেকর্ড, সাক্ষ্য ও দাপ্তরিক নথি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এসব কর্মকাণ্ডকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসেবে গোপনীয়তা রক্ষার দায়িত্ব এবং সরকারি চাকরিবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

গোপন তথ্য পাচারের পাশাপাশি জসিমের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও কর্মচারীদের হয়রানির অভিযোগও রয়েছে। গত ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মোহাম্মদ শাকিল এবং শ্রাবণ বাস কমিটির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মুন্নাসহ টিএসসির অন্য শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক ইসরাফিল রতনের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপি ও ভুক্তভোগী কর্মচারীদের অভিযোগ অনুযায়ী, জসিম ও তার সহযোগীরা সাধারণ শ্রমিক ও কর্মচারীদের ওভারটাইম, পোশাকের বিল এবং বিভিন্ন অনুদানের টাকা থেকে জোরপূর্বক ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কেটে রাখতেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতি ১ লাখ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কর্মচারীরা দীর্ঘদিন ধরে এ ধরনের হয়রানির শিকার হয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শাহবাগ থানা-পুলিশ জানিয়েছে, মামলার এজাহারে উল্লেখিত তথ্য ও আলামতের ভিত্তিতে জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ