×

ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল

২০২৬ নভেম্বর ০৯ ১৯:১১:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ইউজিসির এ আহ্বানে সাড়া দিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর ফলে এবারের এইচএসসি পরীক্ষায় সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। কারণ, বিশ্ববিদ্যালয়টির ভর্তির আবেদন চলতি নভেম্বর মাসেই শেষ হবে। অন্যদিকে সম্পূরক পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। তাঁদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, দীর্ঘ করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনজটে পড়েছে। এখন আবার এভাবে দু-তিন মাস পিছিয়ে গেলে নতুন করে সেশনজট তৈরি হবে। এ কারণে আজ সোমবার সাধারণ ভর্তি কমিটির জরুরি সভা ডাকা হয়।

তিনি জানান, সভায় সর্বসম্মতিক্রমে আগের সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী, ২৫ নভেম্বর ভর্তির আবেদনের শেষ সময় নির্ধারিত থাকবে এবং ভর্তি পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী ৫ ডিসেম্বর শুরু হবে। তবে ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ২৩ নভেম্বর প্রকাশিত ফলে কোনো পরিবর্তন এলে সংশ্লিষ্ট শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, ফল পুনর্নিরীক্ষণের প্রক্রিয়া প্রতিবছরই থাকে। তবে সম্পূরক পরীক্ষা এ বছর থেকে শুরু হচ্ছে।

তবে সম্পূরক পরীক্ষা নেওয়ার এ উদ্যোগের সুফল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন চলতি নভেম্বর মাসেই শেষ হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এ মাসে আবেদন নেওয়া শুরু হবে। এমবিবিএস ও বিডিএসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও ভর্তি কার্যক্রমের প্রক্রিয়া শুরু করছে।

এ পরিস্থিতিতে আজ ইউজিসিতে উপাচার্য বা তাঁদের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। আর ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে ফেব্রুয়ারি থেকে। তবে এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

তবে ইউজিসির এ আহ্বানের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ সভা করে আগের ঘোষিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ