ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে দিল্লিতে আইনজীবীর চিঠি
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পওলস্ কেসি।
নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক দাবি করে সোমবার (৯ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে চিঠিটি পাঠান তিনি। তবে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নাকি বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে তাঁকে নিয়োগ দিয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট নথি পাওয়া যায়নি।
লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের সদস্য স্টিভেন পওলস্ আন্তর্জাতিক ফৌজদারি আইন, প্রত্যর্পণ ও মানবাধিকার বিষয়ে একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ। ১৯৯৭ সালে আইন পেশা শুরু করা পওলস্ ২০১৯ সালে ব্রিটিশ রাজপরিবারের বিশেষ কুইন্স কাউন্সেল (কিউসি) মর্যাদা লাভ করেন।
এর আগে তিনি আন্তর্জাতিকভাবে প্রভাবশালী ডাউটি স্ট্রিট চেম্বার্সের সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত নথি ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মাসে শেখ হাসিনার পক্ষে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে জোরালো আইনি উদ্যোগ নিয়েছেন পওলস্।
দীর্ঘ পেশাগত জীবনে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), সাবেক যুগোস্লাভিয়াবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং সিয়েরা লিওনের বিশেষ আদালতে শীর্ষস্থানীয় ব্যক্তিদের পক্ষে মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অতীতে লাইবেরিয়ার সাবেক ফার্স্ট লেডি অ্যাগনেস রিভস-টেলর, কেনিয়ার সাবেক মন্ত্রী হেনরি কসগে এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির মতো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের আইনি সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এ ছাড়া সেশেলসের অ্যাটর্নি জেনারেলের পক্ষে দুর্নীতির মামলাও পরিচালনা করেছেন পওলস্। তবে দক্ষিণ এশিয়া বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে অতীতে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। ব্রিটিশ বারের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে মামলা পরিচালনা করা আইনজীবীর ব্যক্তিগত রাজনৈতিক আনুগত্যের পরিচায়ক নয়। এটি মূলত মক্কেল ও আইনজীবীর মধ্যকার পেশাগত চুক্তিভিত্তিক সম্পর্ক।
নথি অনুযায়ী, ২০২৫ সালের ৮ আগস্ট প্রথমবারের মতো শেখ হাসিনার পক্ষে আইনি উদ্যোগ নেন পওলস্। ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে প্রকাশিত ওই নথিতে শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়। দলটির সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ও বিশেষ প্রতিবেদকদের কাছে জরুরি হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছিল।
এরপর একই বছরের ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) শেখ হাসিনার অনুপস্থিতিতে পরিচালিত বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন পওলস্। সহকর্মী তাতিয়ানা ইটওয়েলকে সঙ্গে নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষ প্রতিবেদকদের কাছে আরেকটি জরুরি আবেদন করেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়ে তাঁর তৎপরতা পরবর্তী সময়েও অব্যাহত থাকে। ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) কাছে শেখ হাসিনার বিচার, মৃত্যুদণ্ড, দল নিষিদ্ধকরণ এবং সাবেক শতাধিক সংসদ সদস্যকে আটক রাখার বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন পওলস্।
একই বছরের ২৭ অক্টোবর জাতিসংঘের দুজন বিশেষ প্রতিবেদক ও একজন স্বাধীন বিশেষজ্ঞের কাছে নতুন করে আবেদন পাঠান তিনি। এতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের জারি করা নিষেধাজ্ঞা এবং পরবর্তী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তোলা হয়।
পেশাগত অঙ্গনে ডাউটি স্ট্রিট চেম্বার্স থেকে ম্যাট্রিক্স চেম্বার্সে পওলসের স্থানান্তরের বিষয়টিও এসব আবেদনে প্রতিফলিত হয়েছে। ২০২৫ সালের দুটি আবেদন ডাউটি স্ট্রিট চেম্বার্সের প্যাডে প্রকাশিত হলেও ২০২৬ সালের পরবর্তী দুটি উদ্যোগ এসেছে ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে।
যুক্তরাজ্যের আইনি কাঠামো অনুযায়ী, ব্যারিস্টার চেম্বার্স কোনো একক প্রতিষ্ঠান নয়; বরং এটি স্বনিয়োজিত আইনজীবীদের একটি প্রশাসনিক কার্যালয়। ফলে কোনো ব্যারিস্টার চেম্বার পরিবর্তন করলেও সাধারণত মক্কেলের সঙ্গে তাঁর পেশাগত সম্পর্ক অটুট থাকে। তবে ২০২৫ সালের আবেদনগুলোতে অ্যালেক্স টিনসলি ও তাতিয়ানা ইটওয়েলের মতো সহকর্মীদের নাম থাকলেও ২০২৬ সালে ম্যাট্রিক্সের নথিতে পওলস্ একাই প্রধান কৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো সাম্প্রতিক চিঠিতে পওলস্ উল্লেখ করেন, তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তিনি জানতে পেরেছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশের সংবিধিবদ্ধ নাগরিকত্ব, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতার যুক্তি তুলে ধরে দ্রুত শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে আবেদনটি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আইনি কাগজপত্র ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কেও জানতে চান।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন চিঠিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, চিঠিতে পওলস্ নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক দাবি করলেও তাঁর স্বাক্ষরিত কোনো সুনির্দিষ্ট ওকালতনামা বা সম্মতিপত্র সংযুক্ত ছিল না।
এদিকে, চিঠিটির বিষয়ে সরকারের অবস্থান জানিয়েছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে পাঠানো চিঠির সত্যতা, আইনগত বৈধতা ও ভিত্তিমূল্য খতিয়ে দেখা হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম