×

ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

২০২৬ নভেম্বর ১০ ১৮:৩৪:৫০

২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

প্রশ্নে কেরামত আলী জানতে চান, বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তি না হওয়ার কারণ কী এবং কবে নাগাদ নিষ্পত্তি হবে, এ বিষয়ে কোনো রোডম্যাপ আছে কি না।

জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

জেলা পর্যায়ের এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে তা পরিচালনা করা প্রয়োজন কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনা করে মামলা প্রত্যাহারের সুপারিশ করে কমিটিগুলো।

মন্ত্রী আরও জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে একই বছরের ৮ মার্চ তাঁকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

জবাবে তিনি জানান, মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত