×

ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ

২০২৬ নভেম্বর ১০ ১৭:৩০:১২

শ্রীমঙ্গলে হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

রিসোর্ট সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর অতিথি হিসেবে বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার তাঁর রিসোর্ট ছাড়ার কথা ছিল। তবে এর আগেই সকালে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কালবেলা অনলাইনকে বলেন, ‘দম্পতি পরিচয়ে এক নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন হাসিব। রুম নম্বর ১১৮-এর অগ্নিবীণায় অতিথি হিসেবে ছিলেন তাঁরা।’

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারীর সঙ্গে অটোরিকশায় কোথাও যাচ্ছেন হাসিব। পথে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা অটোরিকশাটি আটকে তাঁর ওপর হামলা চালান। এ সময় দৌড়ে কোনোরকমে প্রাণে বাঁচেন হাসিব আল ইসলাম।

ভিডিওতে আরও দেখা যায়, হামলাকারীরা হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করছেন। এ হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে ‘সন্ত্রাসী লীগ’ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। হামলায় হাসিব আহত হয়েছেন। তিনি চিকিৎসাধীন আছেন।

হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত