×

ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা

২০২৬ নভেম্বর ১১ ১৬:৫০:৫৪

ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে ক্যাম্পাসে কর্মরত সব নিরাপত্তাপ্রহরীর জন্য জরুরি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় ক্যাম্পাসের ভেতরে চুরিসহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব পালনে শৈথিল্যও লক্ষ করা যাচ্ছে। এ পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, হল, ইনস্টিটিউট, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তাপ্রহরীদের নির্ধারিত পোশাক পরে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব নিরাপত্তাপ্রহরীকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পরবর্তী দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাপ্রহরী যথাসময়ে উপস্থিত না হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জানাতে হবে।

ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো সন্দেহজনক ব্যক্তি বা এ ধরনের কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিসপ্রধান, প্রক্টর অফিস অথবা এস্টেট ম্যানেজারকে অবহিত করতে হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত