×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

যৌতুক ও  বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী

২০২৬ নভেম্বর ১৫ ১১:৩০:৪৫

যৌতুক ও  বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো নিকাহ রেজিস্ট্রার বা কাজি যৌতুক কিংবা বাল্যবিয়ের নিবন্ধন করলে তাঁর লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। এ ক্ষেত্রে বয়স যাচাইসহ বিয়ের নিবন্ধনের সব নিয়ম যথাযথভাবে অনুসরণের নির্দেশও দিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোকিত লালমনিরহাটের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

কাজিদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, বিয়ের আগে বর-কনের বয়স সঠিকভাবে যাচাই করতে হবে। নিয়ম মেনে বিয়ে নিবন্ধন শেষে অনুষ্ঠানে বর ও কনের হাতে কাবিননামা তুলে দিতে হবে। এসব নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ভালো পোশাক কিংবা সুন্দর চেহারাই একজন মানুষকে ভালো করে তোলে না। অপরাধমুক্ত জীবনযাপনকারী ব্যক্তিই প্রকৃত অর্থে ভালো মানুষ। বর্তমানে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি সমাজের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। এর পাশাপাশি মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উন্নয়ন ঘটাতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এভাবেই গড়ে উঠবে আলোকিত লালমনিরহাট।

আলোকিত লালমনিরহাটের কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী জানান, এ সামাজিক আন্দোলন সারাদেশে ছড়িয়ে দিতে ইতোমধ্যে বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা লালমনিরহাট সফর করেছেন। এখানকার কার্যক্রম দেখে তারা নিজ নিজ জেলায় এ উদ্যোগ বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেছেন।

মাদক, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মসজিদের সভাপতি নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় ব্যক্তির অর্থসম্পদকে গুরুত্ব দেওয়া হলেও সেই অর্থের উৎস যাচাই করা হয় না। ঘুষ কিংবা মাদকের অর্থ দান করে সামাজিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। মাদক সেবন ও ধর্মীয় অনুশীলন একসঙ্গে চলতে পারে না। তাই সমাজকে মাদকসহ সব ধরনের অপরাধ থেকে মুক্ত করতে হবে।

নিজের বিবেককে সবচেয়ে বড় পাহারাদার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যেকের উচিত নিজের বিবেকের কাছে জবাবদিহি করা। আলোকিত লালমনিরহাটের আন্দোলনের সঙ্গে যুক্ত কেউ মাদক সেবনের সঙ্গে জড়িত থাকলে তাঁকে স্বেচ্ছায় এ কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আলোকিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্যসচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজীবসহ অন্যরা।

অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মধ্যে আলোকিত লালমনিরহাটের পোশাক বিতরণ করেন মন্ত্রী। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ