×

ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত

২০২৬ নভেম্বর ১৭ ১৯:৫৩:১৯

ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির ক্ষেত্রে বিভাগভেদে রয়েছে আলাদা বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত। ভর্তি পরীক্ষায় মেধাক্রমে এগিয়ে থেকেও এসব শর্তের কারণে পছন্দের বিভাগে পড়ার সুযোগ হারান অনেক শিক্ষার্থী। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৩টি বিভাগে ভর্তির ক্ষেত্রে কোনো বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত রাখা হয়নি।

সম্প্রতি প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত না থাকা বিভাগগুলো হলো ফারসি ভাষা ও সাহিত্য, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভাষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পপুলেশন সায়েন্সেস, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ, জাপানিজ স্টাডিজ এবং স্বাস্থ্য অর্থনীতি।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে এমসিকিউ অংশে ৬০ এবং লিখিত অংশে ৪০ নম্বর বরাদ্দ থাকবে। এমসিকিউ অংশে বাংলা ও ইংরেজিতে ১৫টি করে এবং সাধারণ জ্ঞানে ৩০টি প্রশ্ন থাকবে। লিখিত অংশে বাংলা ও ইংরেজিতে ২০ নম্বর করে বরাদ্দ রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষার এমসিকিউ ও লিখিত অংশের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমের আলোকে ২০২৬ সালে অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী প্রণয়ন করা হবে।

বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষার সিলেবাস

লিখিত পরীক্ষার বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূলভাব লিখন, কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা (গদ্য, উপন্যাস ও নাটকভিত্তিক), লেখক বা কবি পরিচিতি, মিলকরণ (গদ্য, কবিতা ও ব্যাকরণভিত্তিক), সারাংশ বা সারমর্ম লিখন, বানান শুদ্ধি ও প্রমিতকরণ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, ব্যাকরণ-সম্পর্কিত বিষয়াবলি (সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত) এবং অনুবাদের ওপর অধিক গুরুত্ব দেওয়া হবে।

অন্যদিকে, ইংরেজি লিখিত অংশে Comprehension, Short paragraph, Explanation (Explain with the reference to the context), Rearranging, Translation, Punctuation, Gap filling with & without clues, Sentence making, Changing and Transformation of sentences—এসব বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হবে।

সাধারণ জ্ঞানে যেসব বিষয় থাকছে

এমসিকিউ অংশের সাধারণ জ্ঞানের প্রশ্ন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং বিভিন্ন অ্যাকাডেমিক বিষয়ের আলোকে প্রণয়ন করা হবে। এসব বিষয়ের মধ্যে রয়েছে পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

জিসিই বা ‘এ’ লেভেল উত্তীর্ণ পরীক্ষার্থীরা বাংলার পরিবর্তে অ্যাডভান্সড অংশের উত্তর দেবেন। এ অংশের এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রশ্ন প্রচলিত রীতি অনুসরণ করে প্রণয়ন করা হবে।

ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০

ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে পাস নম্বর ৪০। তবে এমসিকিউ অংশে উত্তীর্ণ হতে পরীক্ষার্থীদের বাংলায় ন্যূনতম ৫, জেনারেল ইংলিশে ৫ এবং সাধারণ জ্ঞানে ১০ নম্বরসহ মোট কমপক্ষে ২৪ নম্বর পেতে হবে।

লিখিত পরীক্ষায় পাস করতে ন্যূনতম ১১ নম্বর পেতে হবে। এর মধ্যে বাংলা অংশে কমপক্ষে ৫ এবং ইংরেজি অংশে কমপক্ষে ৫ নম্বর অর্জন করতে হবে। এ লেভেল পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হবে।

ভর্তি আবেদন ও পরীক্ষার সময়সূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউনিটভিত্তিক সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ