×

ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা

২০২৬ নভেম্বর ১১ ১২:৫৪:৪০

আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে পাঁচটি উদ্যোগ বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এর মধ্যে রয়েছে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা অন্তর্ভুক্তি, প্রযুক্তি ল্যাব স্থাপন, ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্প বাস্তবায়ন, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার শেখানো এবং ইউনেস্কোর সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনা।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব উদ্যোগের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ন্যানোটেকনোলজি, রোবোটিকস ও এআইয়ের গুরুত্ব বিবেচনায় আইসিটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে আইসিটি ও এআই শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে।

তিনি জানান, ষষ্ঠ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআইভিত্তিক টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবোটিকস পড়ানো হবে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার, এআইভিত্তিক সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের প্রয়োগ, ইন্টারনেট অব থিংস (আইওটি), বাস্তব জীবনে এআইয়ের ব্যবহার এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনাও যুক্ত করা হয়েছে।

অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে রাখা হয়েছে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং ও সরকারি ই-সেবা। নবম ও দশম শ্রেণিতে যুক্ত করা হয়েছে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিকস, ন্যানোপ্রযুক্তি, ইন্টারনেট ও আইওটি। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে থাকবে এআইয়ের পরিচিতি, দৈনন্দিন জীবন ও শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগ, রোবোটিকস এবং ন্যানোটেকনোলজি।

এআই ব্যবহারের পাশাপাশি এর মাধ্যমে পাওয়া তথ্য যাচাই এবং নিরাপদে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা তৈরির ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের এআইয়ের তথ্য বাছাইয়ের পদ্ধতি শেখাতে হবে। বয়স উপযোগী পাঠ্যক্রমে এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং ও অনলাইন নিরাপত্তার বিষয়গুলো যুক্ত করা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমে অগমেন্টেড তথ্য যাচাই ও ডিপফেক বিষয়ে পাঠ যুক্ত করার কথা উল্লেখ করেন। এ ছাড়া সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টিও তুলে ধরেন।

প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে এআই, রোবোটিকস, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এসব ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় সাড়ে হাজার কোটি টাকা বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। প্রকল্পের ব্যয় নির্ধারণে ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

এ ছাড়া ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।

শিক্ষামন্ত্রী আরও জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’-এ বাংলাদেশ অংশ নেয়। ২০২৬ সালের এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্মেলনে এআইয়ের অপব্যবহার রোধ এবং শিক্ষায় এর ব্যবহার নিয়ে আলোচনা হয়। ইউনেস্কোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে এআইভিত্তিক শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বিদ্যমান দুর্বলতা দূর করতে কাজ করছে বাংলাদেশ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত