×

ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশকে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক

২০২৬ নভেম্বর ১১ ১০:০৩:৫২

নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশকে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান।

মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের আর ফ্লোরের কনফারেন্স-১ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোগানের ফলপ্রসূ বৈঠক হয়েছে।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সম্ভাব্য সহযোগিতা এবং নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের জনগণের সক্ষমতা ও প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রশংসা করেন তুরস্কের ফার্স্ট লেডি।

শামা ওবায়েদ জানান, বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোগান। পাশাপাশি বাংলাদেশের পাটজাত পণ্য, বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। এ ছাড়া পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে বৃক্ষরোপণ ও খাল খনন কার্যক্রম সম্পর্কে তুরস্কের ফার্স্ট লেডিকে অবহিত করেন।

এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোগান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। শামা ওবায়েদ বলেন, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোগান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। দীর্ঘদিন ধরে তুরস্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।

নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ও নারীদের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরা হয়েছে।

শামা ওবায়েদ জানান, এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোগান। এ লক্ষ্যে তিনি একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাতে চান, যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে।

বৈঠকে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোগানও আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই তিনি বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত