×

ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

‘পতিত সরকার অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে’

২০২৬ নভেম্বর ১০ ২২:৫৬:২৪

‘পতিত সরকার অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে’

নিজস্ব প্রতিবেদক: পতিত সরকারের কাছ থেকে ভঙ্গুর অর্থনীতি, কম রাজস্ব আহরণ ও বিপুল ঋণের বোঝা উত্তরাধিকার হিসেবে পেয়েছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, অর্থনীতির এই সংকট কাটিয়ে উঠতে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গতি ফেরানোর লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থনীতির বর্তমান অবস্থা, রাজস্ব আদায়, ব্যাংকিং খাত, ঋণের বোঝা, বিনিয়োগ ও সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা।

ড. তিতুমীর বলেন, ‘আমরা এমন একটা অর্থনীতি পেয়েছি, যেটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সর্বক্ষেত্রেই এটা হয়েছে। ব্যাংক খাতকে উদ্ধারের জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অর্থাৎ, একটা অর্থনীতিকে আইসিইউতে রেখে তারা পালিয়ে গেছে।’

তিনি জানান, দেশের অর্থনীতির অন্যতম দুটি বড় চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ রাজস্ব আহরণের নিম্ন হার এবং ঋণের বিশাল বোঝা। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের হার মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন পর্যায়ের এবং বৈশ্বিক বিবেচনাতেও তলানিতে।

এই পরিস্থিতি পরিবর্তনে ২০৩০ সালের মধ্যে জিডিপির অনুপাতে রাজস্ব আহরণের হার ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির অনুপাতে ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারের সংস্কার উদ্যোগের বিষয়ে উপদেষ্টা বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীরাও জানে, রাজনৈতিকভাবে সরকার নিজ উদ্যোগেই সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ