×

ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

১৫ বছরের পুরোনো উড়োজাহাজ কেনায় জড়িতদের তালিকা চেয়েছে সংসদীয় কমিটি

২০২৬ নভেম্বর ১০ ২২:১২:০৩

১৫ বছরের পুরোনো উড়োজাহাজ কেনায় জড়িতদের তালিকা চেয়েছে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক: বিমানের নিজস্ব নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও লিজের মেয়াদ শেষে ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে নেওয়া হয়। এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।

একই সঙ্গে উড়োজাহাজ দুটি কেনার পর পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয় সংসদীয় কমিটি।

এ সময় বিমানের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ি রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পূর্ববর্তী বৈঠকের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, রিজার্ভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‌্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে অডিটে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য উঠে এসেছে। অডিটের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অর্থ আদায় করা হলেও সেই অর্থ বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি।

এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি ঠেকাতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত অডিটরদের সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার কারণে আর্থিক ক্ষতির বিষয়টিও অডিটে উঠে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।

প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবর-এর সঙ্গে চুক্তি অনুযায়ী কার্যাদেশ সম্পূর্ণ সরবরাহ করা না হলেও পুরো অর্থ পরিশোধের বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লিজ নেওয়া দুটি উড়োজাহাজের বিপরীতে ব্যয়সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র নিরীক্ষকদের কাছে উপস্থাপন করতে না পারার বিষয়টিও আলোচনায় আসে। এ-সংক্রান্ত সব নথি আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে জমা দিতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র উপস্থাপনের অঙ্গীকার করেছে বিমান কর্তৃপক্ষ।

কোভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগসংক্রান্ত অডিট আপত্তিও পর্যালোচনা করা হয়। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩.৫০ কোটি টাকা জড়িত থাকার বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষের দাবিকৃত আটটি আপত্তির বিপরীতে অর্থ আদায়ের স্বপক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট উপস্থাপন করতে না পারায় অডিট বিভাগ তা গ্রহণ করেনি।

এ ছাড়া অনাদায়ি অর্থের বিষয়টিও বৈঠকে আলোচনা করা হয়। এসব আপত্তি নিষ্পত্তি, অনাদায়ি অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি জানাতে সুনির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনাসহ আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং সংসদ সচিবালয়, মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ