ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বাণিজ্য ও প্রতিরক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-তুরস্ক
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
হুমায়ুন কবীর বলেন, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে পৌঁছেছেন। সফরের প্রথম দিনেই তিনি দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
তিনি জানান, ইস্তাম্বুলে যাত্রাবিরতির সময় তুরস্কের প্রেসিডেন্টের বিশেষ আতিথেয়তায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়। পরে আন্তালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই নেতার বৈঠক অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ বলে সম্বোধন করেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে অংশীদারত্ব, বিমান চলাচলে বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
হুমায়ুন কবীর জানান, বাংলাদেশ সরকার দেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ খাতে তুরস্কের বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। বিষয়টি প্রাথমিক অনুসন্ধান ও আলোচনার পর্যায়ে রয়েছে।
জ্বালানি খাতে বিশেষ করে গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং এ বিষয়ে তুরস্কের অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়েছে। এসব খাতে তুরস্কের সঙ্গে শক্তিশালী বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশ আগ্রহী বলে জানান তিনি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। বিশেষ করে চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর যৌথ উদ্যোগ কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও মতবিনিময় হয়েছে।
তিনি আরও জানান, রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছে। পাশাপাশি মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টিও উঠে এসেছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ নয়, আন্তর্জাতিক পর্যায়ে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার দাবিতেও সক্রিয় ভূমিকা রাখছে।
তিনি জানান, কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক সংলাপ ও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এসব আয়োজনে জলবায়ু অভিযোজন, অর্থায়ন ও ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে নির্বাচিত কয়েকজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠক বাংলাদেশের প্রতি তুরস্কের বিশেষ আগ্রহ ও গুরুত্বের প্রতিফলন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহও বাড়ছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান হুমায়ুন কবীর।
তিনি বলেন, বুধবার প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ