×

ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক

২০২৬ নভেম্বর ১১ ১২:৩৮:১৬

তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা সমাধানে অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই দুইজনের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নারী ও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় সম্ভাব্য সহযোগিতার বিষয় উঠে আসে।

শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের জনগণের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। তিনি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার আগ্রহ দেখিয়েছেন। প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের স্বাস্থ্যগত ও সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিসহ পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ সম্পর্কে এমিনে এরদোয়ানকে জানান।

এসব উদ্যোগের প্রশংসা করে তুরস্কের ফার্স্ট লেডি বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকটও আলোচনায় আসে। ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোয়ান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হচ্ছে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এমিনে এরদোয়ান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় নারীদের বাস্তুচ্যুতি ও স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হয়েছে। এসব সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে বিশেষজ্ঞ দল পাঠাতে চান তুরস্কের ফার্স্ট লেডি। বিশেষ করে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে এ সহযোগিতা কাজে লাগবে।

বৈঠকে ডা. জুবাইদা রহমান এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ২০১৭ সালের সফরের স্মৃতিচারণ করে তুরস্কের ফার্স্ট লেডিও আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই তিনি বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ জানিয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত