ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভারত শেখ হাসিনার প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী
নিজস্ব প্রতিবেদক: ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রশ্রয়ের জায়গা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা কথায় কথায় স্বাধীনতার চেতনার কথা বললেও মূলত সেটি তাঁদের লুটপাটের স্বাধীনতা।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী। রামেক শাখা ছাত্রদল এ সভার আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, ‘মরহুম শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। কেন? এটা তাদের অত্যন্ত প্রশ্রয়ের জায়গা, আনন্দের জায়গা, তাদের নিরাপত্তার জায়গা। তারা ওইটা মনে করে, নিজের দেশকে মনে করে না।’
তিনি আরও বলেন, ‘কথায় কথায় শেখ হাসিনা, তাদের দলের লোক ও বুদ্ধিজীবীরা স্বাধীনতার চেতনার কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু কার? এটা তাদের লুটপাটের স্বাধীনতা, ব্যাংক লুটের স্বাধীনতা। সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক লুটের স্বাধীনতা। তারা জনগণের কাছে স্বাধীনতার চেতনা ফেরি করত। ...কিন্তু তুই যে স্বাধীনতার কথা বলিস, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলিস, আবার দিল্লির কাছে গিয়ে নিজের মাথা নত করিস, তাহলে চেতনা থাকল কোথায়?’
বাংলাদেশ অন্য কারও নির্দেশে নয়, নিজেদের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি নিজেরাই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসিনা নিজেই বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি, তারা কোনো দিন ভুলবে না। আপনি কী দিয়েছেন যে আপনার দেশের জনগণ জানে না, কেউ জানে না। আপনি বাংলাদেশের এমন কী জিনিস দিয়েছেন, যেটা সার্বভৌমত্বের পরিপন্থী হতে পারে, স্বাধীনতার পরীপন্থী হতে পারে। আপনি দেশের এমন জিনিস দেবেন, জনগণ জানবে না; সেটা তো ভয়ংকর একটা বিষয়, সেটা তো বিপজ্জনক বিষয়।’
এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। তাঁর আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। সিপাহি-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সব সময় উজ্জীবিত হয়েছে।’
রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহসভাপতি মোফাককারুল ইসলাম, জেলা শাখার সভাপতি ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার তারিক সাবু, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান এবং রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে যা বলল ভারত