ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন গ্রহণ চলছে, কোথাও আবার আবেদন শুরুর প্রস্তুতি চলছে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় শিক্ষার্থীদের আবেদনের সুযোগ বাড়াতে ১৬টি বিশ্ববিদ্যালয় জিপিএর শর্ত কমিয়েছে বা শিথিল করেছে।
বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), কৃষিগুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। গত শিক্ষাবর্ষে এ দুই শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.০০ নির্ধারিত ছিল।
অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে ৭.০০। গত শিক্ষাবর্ষে এ শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ নির্ধারিত ছিল।
বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১৫ নভেম্বর। আবেদন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১০ নভেম্বর। আবেদন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এবার ভর্তি আবেদনের জিপিএর যোগ্যতা কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৬.০০ থাকতে হবে। বিদেশি শিক্ষা বোর্ডের সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ক্ষেত্রেও উল্লিখিত বিষয়গুলোতে সমতুল্য গ্রেড থাকতে হবে। ২০২৫ শিক্ষাবর্ষে এই চার বিষয়ে জিপিএর যোগ্যতা ছিল ১৮।
কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়
কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে।
এবার আবেদনের যোগ্যতায় কিছুটা শিথিলতা আনা হয়েছে। আগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ৪ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ থাকতে হতো। এবার চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ এবং মোট জিপিএ ৮ থাকলেই আবেদন করা যাবে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত।
আবেদনের জন্য এসএসসিতে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৪ থাকতে হবে। এইচএসসির ক্ষেত্রে জিপিএর শর্ত শিথিল করেছে প্রতিষ্ঠানটি। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এইচএসসিতে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট জিপিএ ১২ থাকতে হবে। এ তিনটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এ বছর ইংরেজি বিষয়ে জিপিএর শর্ত বাতিল করা হয়েছে।
আগের বছর উচ্চতর গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই চার বিষয়ে মোট জিপিএর শর্ত ছিল ১৮। পাশাপাশি উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হতো।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামীকাল রোববার (২২ নভেম্বর)। আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার সব ইউনিটেই আবেদনের জিপিএর শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ইউনিটভিত্তিকভাবে।
‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। পৃথকভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং পৃথকভাবে ৪.০০ থাকার শর্ত ছিল।
‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ হতে হবে ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০। গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭.৫০ নির্ধারিত ছিল।
‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ক্ষেত্রে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ নির্ধারণ করা হয়েছে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭.৫০ থাকার শর্ত ছিল।
‘সি১’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদের নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ প্রয়োজন ছিল।
‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ক্ষেত্রে মোট জিপিএ ৮.০০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। আগের শিক্ষাবর্ষে এ ইউনিটে মোট জিপিএ ৯.০০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকার শর্ত ছিল।
‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ থাকার শর্ত ছিল। এর মধ্যে এসএসসিতে ন্যূনতম ৪.০০ এবং এইচএসসিতে ন্যূনতম ৩.৫০ থাকতে হতো।
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে আইবিএ-জেইউতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭.৫০ নির্ধারিত ছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে গত ১৫ নভেম্বর। আবেদন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এ বছর ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের মোট ও পৃথক জিপিএর শর্ত কমানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ‘ই’ ইউনিটেও গত বছরের তুলনায় ন্যূনতম মোট জিপিএ কমানো হয়েছে। তবে ‘সি’ ইউনিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। একই সঙ্গে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।
চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ এবং পৃথকভাবে কমপক্ষে ৩.২৫ প্রয়োজন ছিল। ‘বি’ ইউনিটে মোট জিপিএ ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০, ‘সি’ ইউনিটে মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ এবং ‘ডি’ ইউনিটে মোট ৬.৫০ ও পৃথকভাবে ৩.০০ জিপিএ প্রয়োজন ছিল। ‘ই’ ইউনিটে গত বছর মোট জিপিএর ন্যূনতম শর্ত ছিল ৬.০০।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) মোট জিপিএর শর্ত অপরিবর্তিত রেখে বিষয়ভিত্তিক জিপিএর শর্ত শিথিল করেছে।
বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৫.০০-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৬.৫০ গ্রেড পয়েন্ট পেতে হবে। তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।
এর আগে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতেও আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ৪.০০ নির্ধারিত ছিল। তবে ওই বছর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সম্মিলিতভাবে কমপক্ষে ১৭.৫০ গ্রেড পয়েন্ট চাওয়া হয়েছিল। প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্টের শর্তও বহাল ছিল।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৩.০০ থাকতে হবে। তবে এ তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। আগের শিক্ষাবর্ষে এই তিন বিষয়ে ন্যূনতম জিপিএর শর্ত ছিল ১৪.০০।
বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি আবেদনের যোগ্যতা নিয়েও আলোচনা চলছে। এ ক্ষেত্রেও জিপিএর শর্ত কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ