ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষার্থীদের উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে চায় সরকার
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে উৎসাহিত করা, প্রশিক্ষণ দেওয়া এবং আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মামুন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা কেবল চাকরির জন্য প্রস্তুত হবে না; বরং নিজেদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। একজন উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন।
তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশে মোট ৮০০ কোটি টাকার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে ৩০০ কোটি টাকা সরাসরি বরাদ্দ এবং বাকি ৫০০ কোটি টাকা করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিসহ তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও আর্থিক সহায়তার বিভিন্ন ব্যবস্থা রয়েছে। উদ্যোক্তাদের আর্থিক চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজও ঘোষণা করা হয়েছে। তবে শুধু অর্থায়নই যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান, পরামর্শ এবং বাজারের সঙ্গে সংযোগ স্থাপনও জরুরি।
বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার বিষয়ে ইউজিসি সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়কে শুধু ডিগ্রি প্রদানের প্রতিষ্ঠানে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশে ইনোভেশন হাব গড়ে তোলা, স্টার্টআপে সহায়তা দেওয়া এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ বাড়াতে হবে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে কর্মক্ষেত্রের চাহিদা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ কারণে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা অর্জন করতে হবে। চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্মানিত অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ামিন আর রশিদ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)