ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানালে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত দেওয়া হলে সরকার তা বিবেচনা করবে। তিনি বলেন, এর বাইরে কে কোথায় কী প্রতিবেদন প্রকাশ করছে, তা দেখার সময় সরকারের নেই। সেটি সরকারের বিষয়ও নয়।
সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তিনি কীভাবে দেশে ফিরবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। তাঁর ভাষ্য, এক্সট্রাডিশন ট্রিটি বা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাও দেশে আসবেন এবং সাজা ভোগ করবেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারত সাড়া দিলে বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য বিষয়টি সহজ হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার চেয়ে অনেক বিশাল ব্যাপার। ভারত-বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হয়েছে। এই সম্পর্ক এই একটি ব্যাপার নিয়ে সীমাবদ্ধ না। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু আছে, যা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখন যে জ্বালাও-পোড়াও হচ্ছে, সেটিও আওয়ামী লীগ করছে। তাঁর ভাষায়, ‘এই সন্ত্রাসী দল তো আগেও যা করেছে, এখনো তাই করছে।’ তিনি আরও বলেন, দলটি যখন অন্য একটি দেশে অবস্থান করে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে, তখন বাংলাদেশের সরকার হিসেবে বিষয়টি মোকাবিলার প্রয়োজন রয়েছে।
বাংলাদেশ ও ভারতের কনস্যুলার সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এ সংলাপ নিয়ে পত্রিকায় ভুল তথ্য প্রকাশিত হয়েছে। বিষয়টি সচিব পর্যায়ে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। দুই পক্ষই মনে করছে, কয়েক দিন পর সংলাপটি অনুষ্ঠিত হলে ভালো হবে।
প্রসঙ্গত, সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা প্রকাশ করা হয়। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা প্রথম শর্তে বলা হয়, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে। তাঁকে ফিরিয়ে নেওয়ার কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকে করতে হবে।
দ্বিতীয় শর্ত হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু হয়, সে নিশ্চয়তা বাংলাদেশ সরকারকে দিতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)