×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সময়সীমা ঘোষণা

২০২৬ নভেম্বর ১৬ ১৩:০৫:২৯

বেসরকারি হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সময়সীমা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের হজে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্‌-নিবন্ধিত হজযাত্রীরা আগামী ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে নিজেদের এজেন্সি পরিবর্তন করতে পারবেন। একই সময়ে সৌদি আরবের বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটায় নতুন হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনও শুরু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বেসরকারি হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এ সুযোগ দেওয়া হয়েছে। তবে একজন হজযাত্রীকে একবারের বেশি এজেন্সি পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না।

হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এজেন্সি পরিবর্তন কিংবা একাধিকবার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত শর্ত অনুসরণ করে ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে এজেন্সি পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের হজে সৌদি আরবের বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে নিবন্ধন কার্যক্রম আগেই বন্ধ করে দেওয়া হবে।

নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত