×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করল   ইসি

২০২৬ নভেম্বর ১৬ ১২:৩৫:৫১

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করল   ইসি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। কোনো কোনো ক্ষেত্রে তারা কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনআইডি সংশোধনসহ এ-সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়ার কথা বলে প্রতারকরা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। তবে জাতীয় পরিচয়পত্র সংশোধন বা এ-সংক্রান্ত অন্য কোনো সেবা দিতে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

তাই এসব মাধ্যমে কেউ এনআইডি সংশোধন বা অন্য কোনো সেবা দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে কমিশন।

ইসি জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত যেকোনো সেবা পেতে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় তথ্য ও সেবা সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করা যাবে।

অনলাইন প্রতারণা থেকে নিজে সতর্ক থাকার পাশাপাশি বন্ধু, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও সচেতন করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত