×

ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

রাজনীতিতে যুক্ত হওয়ার আগে যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

২০২৬ নভেম্বর ১৫ ২০:১৬:৪৯

রাজনীতিতে যুক্ত হওয়ার আগে যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

জানা গেছে, আজ জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।

সংসদ অধিবেশনের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমত, নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন। পাশাপাশি বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগাতে বলেন তিনি।

এ ছাড়া পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তাঁরা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তাঁরা।

এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইমামুল

ট্যাগ: তারেক রহমান লালমনিরহাট পাটগ্রাম ব্র্যাক বিশ্ববিদ্যালয় নতুন প্রজন্ম জাতীয় সংসদ ভবন জিপিএ-৫ বৃক্ষরোপণ দায়িত্বশীল নাগরিক সালেহ শিবলী হাতীবান্ধা প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসি পরীক্ষা ২০২৬ মীর শাহে আলম শিক্ষার্থীদের পরামর্শ জাতীয় সংসদের অধিবেশন আন্দালিভ রহমান পরিবেশ পরিচ্ছন্নতা যোগ্য নাগরিক কৃতী শিক্ষার্থী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাজনীতিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা আগা খান একাডেমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সংসদ ভবন পরিদর্শন সংসদ লাইব্রেরি গাছ লাগানোর পরামর্শ প্রাণীর প্রতি মানবিক আচরণ শাহাদাৎ স্বাধীন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত