×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ৫ কারখানায় কর্মবিরতি

২০২৬ নভেম্বর ১৬ ১০:৩৮:৫২

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ৫ কারখানায় কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের মধ্যেও সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে এখনো বন্ধ রয়েছে ৫৫টি কারখানা। এ ছাড়া পাঁচটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান করে কর্মবিরতি পালন করছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও হেমায়েতপুর এলাকার অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে।

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে এ অসন্তোষ চলছে। তবে রোববার সাভার-আশুলিয়ার কোথাও নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, বন্ধ থাকা ৫৫টি কারখানার মধ্যে ৩৬টি শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, ১৪টি অনির্দিষ্টকালের জন্য এবং পাঁচটি মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোর সামনে টাঙানো নোটিশে চলমান আন্দোলন, সহিংসতা ও বেআইনি কর্মবিরতির কারণে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ কারখানাগুলোর সামনে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে গাজীপুরে গতকাল ১৩টি কারখানা বন্ধ ছিল। কোনাবাড়ী ও কালিয়াকৈরে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। শিগগিরই শিল্পাঞ্চল পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশাবাদী তারা। তবে পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের নজর এখন মজুরি বোর্ডের সিদ্ধান্তের দিকে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত