×

ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মেধাবী শিক্ষার্থীদের ১,৫০০ কম্পিউটার দেবেন প্রধানমন্ত্রী

২০২৬ নভেম্বর ১৬ ১৫:৫৩:০০

মেধাবী শিক্ষার্থীদের ১,৫০০ কম্পিউটার দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০ কম্পিউটার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহনের জন্য ২০০টি বাস দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি নিয়মিত শিক্ষার বিষয়ে খোঁজখবর রাখেন। বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহনব্যবস্থার জন্য ২০০টি বাস দেওয়ার উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে ভালো ফল করা মেধাবী শিক্ষার্থীদের হাতে নিজে ১ হাজার ৫০০ কম্পিউটার তুলে দেবেন।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রশ্নপত্র বের (আউট) হয়নি, হয়েছে কি। চেষ্টা যে করা হয়নি, তা কিন্তু নয়। আমরা প্রশ্নপত্রের পুরো ব্যবস্থাটাই পরিবর্তন করছি। আগামী দিনে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রিন্ট করার পরিকল্পনা রয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি।’

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা কিংবা অসাধুতা বরদাশত করা হবে না।

শিক্ষাব্যবস্থার সংস্কার উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন পরিবর্তন করা হয়েছে। আইন পরিবর্তনের পর এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় শিক্ষার্থীদের গ্রেডে পরিবর্তন এসেছে। এর মধ্যে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন। খাতা মূল্যায়নে পরীক্ষকদের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি দূর করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

এইচএসসি পরীক্ষার সময় কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। পরে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও অংশ নেয় মাত্র ৮২ জন পরীক্ষার্থী।

এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। শিক্ষাক্ষেত্রের কোনো বিষয় নিয়ে তিলকে তাল বানিয়ে প্রচার করলে তা জাতির জন্য ক্ষতিকর হতে পারে।

এদিকে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষকদের পাঠদান কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি কিংবা এআইয়ের ওপর নির্ভরশীল হলে চলবে না। শিক্ষার্থীদের তথ্য জানার পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তথ্যের চেয়ে জ্ঞান এবং জ্ঞানের পাশাপাশি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

ইমামুল

ট্যাগ: তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয় গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা শিক্ষা খাত জিপিএ ৫ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ ফেল থেকে পাস শিক্ষার মান উন্নয়ন প্রশ্নপত্র ফাঁস এআই প্রযুক্তি প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ান টিচার ওয়ান ট্যাব ড. আ ন ম এহছানুল হক মিলন খাতা মূল্যায়ন এসএসসি পরীক্ষার ফল শিক্ষাব্যবস্থার সংস্কার মেধাবী শিক্ষার্থীদের কম্পিউটার ১৫০০ কম্পিউটার বিতরণ শিক্ষার্থীদের জন্য কম্পিউটার বিশ্ববিদ্যালয়ের জন্য ২০০ বাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রশ্নপত্র ছাপানোর নতুন পদ্ধতি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রিন্ট ৪৫৮৫ শিক্ষার্থী ৩০৮৯ শিক্ষার্থী পরীক্ষকদের প্রশিক্ষণ কুমিল্লা মহিলা কলেজ শিক্ষায় প্রযুক্তির ব্যবহার

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত