×

ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল

২০২৬ নভেম্বর ১৩ ১১:২৩:০৮

মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল

নিজস্ব প্রতিবেদক: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গত ১৯ অক্টোবরের আদেশের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। ফলে কমিটি বাতিলের আগের সিদ্ধান্ত কার্যকর থাকছে।

বুধবার (১১ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ-সংক্রান্ত আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, গত ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করে আদেশ জারি করে। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়।

গত ১০ নভেম্বর রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হয়। বুধবার শুনানি শেষে আদালত হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। এর ফলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের গত ১৯ অক্টোবর জারি করা সব ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের আদেশ বহাল রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত