×

ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী 

২০২৬ নভেম্বর ১৩ ১০:৩৩:০০

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ ও প্রয়োজন বিবেচনায় পাঁচ দফা দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব দাবির মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়ানো।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। কপ৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন তিনি।

প্রেস সচিব বলেন, সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই তারেক রহমান জাতির সামনে যেসব পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন, সেগুলো এখন দেশে বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনেও প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার বিষয়টি তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সালেহ শিবলী জানান, সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। কপ৩১ সম্মেলনেও তিনি এসব পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। বর্তমানে পরিকল্পনাগুলো দেশে বাস্তবায়ন হচ্ছে।

গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হয় কপ৩১ সম্মেলন। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এর মধ্যে ১১ ও ১২ নভেম্বর ছিল গুরুত্বপূর্ণ দুটি দিন। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

প্রেস সচিব জানান, গত বৃহস্পতিবার কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এখনো বিভিন্ন পর্যায়ে আলোচনা, সেমিনার ও অন্যান্য কর্মসূচি চলছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে সালেহ শিবলী বলেন, আন্তালিয়ায় তার একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ের ওপর আয়োজিত সেমিনার ও সিম্পোজিয়ামেও অংশ নেন তিনি।

বাংলাদেশের পাঁচ দফা দাবির বিষয়ে বিস্তারিত তথ্য আগামী এক বা দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব।

এবারের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ছিল ২১ জন বলে জানান সালেহ শিবলী। তাঁর মতে, এটি একটি ইতিবাচক দিক। এ ছাড়া প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় বিমানবন্দরে হাজার হাজার কিংবা লাখ লাখ মানুষের ভিড় হওয়ার যে চিত্র দেখা যেত, সেখান থেকেও বেরিয়ে আসা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে, গত ১০ নভেম্বর কপ৩১ সম্মেলন ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত বৃহস্পতিবার কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা চাওয়া হয়েছে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগের পাশাপাশি জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর দাবি জানানো হয়েছে।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার প্রক্রিয়া আরও গতিশীল করার দাবি জানানো হয়েছে।

পঞ্চমত, ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি খাতে ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে কপ৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ