×

ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শিক্ষা, কৃষি ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী এডিবি

২০২৬ নভেম্বর ১২ ১৯:৪৪:৩৮

শিক্ষা, কৃষি ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী এডিবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে বিনিয়োগ ও অনুদান প্রদানে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।

বৈঠকে এডিবির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক গি সুন সং, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) ফাইজা আহাদ এবং প্রোগ্রাম অফিসার ফারিন ইসলাম।

বৈঠকে এডিবির কান্ট্রি ডিরেক্টর কম্পিউটার সায়েন্স, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষায় গবেষণা ও উন্নয়নের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে বিনিয়োগ ও অনুদান দেওয়ার আগ্রহের কথা জানান তিনি।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নয়নে ইন্টারঅ্যাকটিভ শিক্ষা উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগের কথাও তুলে ধরেন চিংফেং ঝাং।

তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম যেন শুধু একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবভিত্তিক ও শিল্পখাতের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখে, সেটিই এডিবির এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।

বৈঠকে মাহদী আমিন দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, শিক্ষাকে আনন্দময় ও অংশগ্রহণমূলক করতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ নামে দুটি বাধ্যতামূলক বিষয় চালু করা হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, এবার শুধু চতুর্থ শ্রেণিতে বিষয় দুটি চালু করা হয়েছে। পরবর্তী শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতেও তা অন্তর্ভুক্ত করা হবে। পর্যায়ক্রমে সব শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে।

নারীশিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা আরও এগিয়ে নিয়ে স্নাতক (গ্র্যাজুয়েশন) পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় এই সুবিধা স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, বিনামূল্যে স্কুল ড্রেস ও মিড-ডে মিলের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রচলিত বেঞ্চের পরিবর্তে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য আলাদা চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হচ্ছে।

এ ছাড়া শিশুদের মানসিক বিকাশ এবং ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ (লার্নিং উইথ হ্যাপিনেস অ্যান্ড কালচার) নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘লার্নিং টয়’ যুক্ত করা হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে স্লাইডারসহ বিভিন্ন ধরনের বহিরাঙ্গন ক্রীড়া সরঞ্জাম স্থাপনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার... বিস্তারিত