ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির বিষয়টি পরে বিবেচনা করবে সরকার
নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তাকারী রাজাকার, আলবদর ও আল শামসের পূর্ণাঙ্গ তালিকা তৈরির বিষয়টি পরে বিবেচনা করবে সরকার। আপাতত শহীদদের তালিকা প্রস্তুত এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি। মন্ত্রী আরও জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করে এ পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। বর্তমানে দেশে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬ জন।
নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। রাজাকার, আলবদর, আল শামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।
মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করার বিষয়ে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে আহমেদ আযম খান জানান, এ লক্ষ্যে সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ইতিমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরও বৈঠক ও সভার আয়োজন করে সেসব সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা তৈরির কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে। এর মাধ্যমে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।
একই বিষয়ে সংসদ সদস্য মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা তৈরির কৌশল নির্ধারণে গোলটেবিল বৈঠক করা হয়েছে। আরও সভা করে সেসব সুপারিশের ভিত্তিতে তালিকা তৈরির কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, বর্তমানে দেশে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬ জন। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে এ পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল করা হয়েছে।
মন্ত্রী জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে কাউকে অমুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করে অভিযোগ পাওয়া গেলে জামুকার সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি তদন্ত ও শুনানির মাধ্যমে তা যাচাই-বাছাই করে। অভিযোগ প্রমাণিত হলে গেজেট বাতিলের সুপারিশ করা হয়। জামুকার সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় গেজেট বাতিল করে। অভিযোগ পাওয়ার পর তদন্ত ও শুনানি জামুকার নিয়মিত কাজ এবং এটি একটি চলমান প্রক্রিয়া।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে আরও ২৫ হাজার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য আবাসন বরাদ্দ দেওয়া সম্ভব হবে।
মন্ত্রী বলেন, আগের পর্যায়ে জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ ধরনের সমস্যা এড়াতে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে—এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এতে সঠিক জমিতে বাড়ি নির্মাণ এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা যাবে।
নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীরা উপজেলা পর্যায়ের হাসপাতালে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ের হাসপাতালে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে ৩০ হাজার টাকা চিকিৎসা সহায়তা পাবেন। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় বছরে সর্বোচ্চ এক লাখ এবং জটিল রোগের চিকিৎসায় পাঁচ লাখ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী বা স্বামীর চিকিৎসার ক্ষেত্রে উপজেলা পর্যায়ে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় সর্বোচ্চ ৫০ হাজার এবং জটিল রোগের চিকিৎসায় দুই লাখ টাকা পর্যন্ত সুবিধা রয়েছে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও সামাজিক নিরাপত্তা সুবিধা আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, বোর্ড বলছে ১ ডিসেম্বর, মন্ত্রী ২ ডিসেম্বর
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?